কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে আত্মগোপনে যান ইমন, যেভাবে গ্রেপ্তার

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় জাকিয়া সুলতানা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের আগে তিনি আত্মগোপনে ছিলেন।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
পুলিশের তথ্য অনুযায়ী, জাকিয়াকে ছুরিকাঘাতের পর ইমন ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা ‘লিলি গার্ডেন’ ভবনের বাসা ছেড়ে পালিয়ে যান। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সরেজমিনে ওই ভবনে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়িতে তার নানার বাড়িতে অবস্থান করছেন ইমন। ওসি জাকির হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় প্রথম দফায় তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নানবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে সোমবার এ ঘটনায় ভুক্তভোগী জাকিয়ার বাবা জাকারিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় অভিযোগ আনা হয়েছে (মামলার নম্বর ১৭/৪৩৯)।
এর আগে সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানা পাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হন জাকিয়া। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় কালো শার্ট পরা ইমন এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে।
জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সে ছুরিটি ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল ইমন। একই কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। এসব কুপ্রস্তাব ও উত্ত্যক্তের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে সে এ হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।



