নেত্রকোনায় ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, রেললাইনে আগুন

নেত্রকোনায় অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। একই সঙ্গে জেলার চল্লিশা এলাকায় রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলা ও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে শহরের আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা উচ্চ বিদ্যালয় ও পূর্বধলা সরকারি কলেজসহ প্রায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটকে তালা লাগিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আতঙ্কা দেখা দেয়।
এ ছাড়া চল্লিশা এলাকায় রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলা এবং টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এদিকে ছাত্রলীগকে প্রতিহত করতে তাৎক্ষণিক মাঠে নামে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রাব্বির নেতৃত্বে রাতভর মোটরসাইকেল নিয়ে শহরের অলিগলিতে মহড়া দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই এবং এ বিষয়ে অভিযোগও আসেনি। তবে রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ভিডিওটি আমাদের নজরে এসেছে। যদিও এতে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার খবর পাওয়া যায়নি।
যে কোনো অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে ওসি আবুল খায়ের বলেন, এরই মধ্যে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


