logo

সৌদির সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি সই, কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সৌদির সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি সই, কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ও সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ। ছবি: ধর্ম মন্ত্রণালয়

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের পবিত্র হজ ব্যবস্থাপনাসংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশি হজযাত্রীর জন্য আরও ৫ হাজার কোটা বৃদ্ধি করেছে সৌদি সরকার।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় দেশটির জেদ্দায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

চুক্তি সম্পাদনের পর ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বৃদ্ধি করেন। এর ফলে ২০২৭ সালে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন। এর আগে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল।

ধর্মমন্ত্রী আরও জানান, হজ কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। তবে এই সীমাবদ্ধতা সত্ত্বেও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করেছেন, অন্য কোনো দেশ যদি তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারে কিংবা কোনো দেশের কোটা বাতিল হয়, তবে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দ দেওয়া হবে।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের প্রশংসা করে রাজকীয় সৌদি সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী। একই সঙ্গে হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহায়তার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে নিরলসভাবে কাজ করছে বলে উল্লেখ করেন ধর্মমন্ত্রী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম প্রমুখ।

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট