logo

বগুড়ায় দেড় হাজার পিস ইয়াবাসহ দুই বেয়াইন গ্রেপ্তার

বগুড়ায় দেড় হাজার পিস ইয়াবাসহ দুই বেয়াইন গ্রেপ্তার
মাদকসহ গ্রেপ্তার দুই নারী। ছবি: এশিয়া পোস্ট

বগুড়া শহরে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার দুই নারী সম্পর্কে একে অপরের বেয়াইন বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৮ জুন) দুপুরে শহরের বিআরটিসি মার্কেটসংলগ্ন রেলঘুন্টি থানামোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর ক্যাম্পপট্টি এলাকার বুলবুলি বেগম এবং বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়া এলাকার নাজমা বেগম।

ডিএনসির বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, খবর পাওয়া যায় যে বগুড়া শহরে ইয়াবার একটি চালান কেনাবেচা হবে। ডিএনসির একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

তিনি বলেন, রেলঘুন্টি থানামোড় থেকে কামারগাড়ীগামী সড়কের পাশে সেলিম হোটেলের সামনে সন্দেহভাজন দুই নারীকে আটক করে তল্লাশি করা হয়। তাদের সঙ্গে থাকা একটি ভ্যানিটি ব্যাগ থেকে ১৫টি প্যাকেটে রাখা এক হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

জিললুর রহমান বলেন, অভিযানে মাদক বিক্রির ১০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ও ব্যবহৃত সিম কার্ড জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই নারী জানিয়েছেন, তারা হিলি সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে এবং তারা একে অপরের বেয়াইন।

ডিএনসির এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে। ইয়াবার চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।