দেয়াল ভাঙতে বাধা, ছুড়ে মারা ইটে প্রাণ গেল ভাইয়ের

ঘরের দেয়াল ভাঙতে বাধা দেওয়ায় কথা-কাটাকাটির একপর্যায়ে ছুড়ে মারা ইটের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের। কক্সবাজারের মহেশখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে সৎভাইয়ের ছোড়া ইটের আঘাতে হাজী মুহিব্বুল্লাহ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত নেচার উল্লাহকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুহিব্বুল্লাহ ওই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
নিহতের স্ত্রী জোসনা আক্তার জানান, রোববার সকালে ঘরের একপাশের দেয়াল ভাঙার শব্দ শুনে তারা সেখানে যান। এ সময় নেচার উল্লাহকে দেয়াল ভাঙতে দেখে বাধা দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নেচার উল্লাহ হাতে থাকা হাতুড়ি ফেলে দিয়ে একটি ইট ছুড়ে মারেন। ইটটি প্রথমে জোসনা আক্তারের হাতে লাগে। পরে সেটি তার পেছনে থাকা স্বামী মুহিব্বুল্লাহর শরীরে আঘাত করে।
তিনি আরও জানান, এরপর নেচার উল্লাহ নিচে নেমে তাকে ঘুষি মারেন এবং মুহিব্বুল্লাহর ওপর ঝাঁপিয়ে পড়েন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে নেচার উল্লাহ পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে বেঁধে রাখেন।
পরে কুতুবজোম ইউনিয়নের দফাদার ও গ্রাম পুলিশের উপস্থিতিতে নেচার উল্লাহকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গুরুতর আহত মুহিব্বুল্লাহকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নেচার উল্লাহর পাশাপাশি তার অন্য ভাইয়েরাও জড়িত বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী জোসনা আক্তার। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান বলেন, ঘটনার পরপরই হামলায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






