logo

রান্নাঘরে বৃদ্ধার নাক-কান কেটে স্বর্ণ ছিনতাই, ঢাকায় নেওয়ার পথে মৃত্যু

রান্নাঘরে বৃদ্ধার নাক-কান কেটে স্বর্ণ ছিনতাই, ঢাকায় নেওয়ার পথে মৃত্যু
মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গ। ছবি : এশিয়া পোস্ট

মাদারীপুর সদর উপজেলায় স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনিয়ে নিতে এক বৃদ্ধাকে মাথায় আঘাত এবং কান ও নাক কেটে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বেগম বিবি সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরে বসে রান্না করছিলেন বেগম বিবি। বাড়িতে তাকে একা পেয়ে কয়েকজন দুর্বৃত্ত স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পাশে থাকা একটি কাঠের মুগুর দিয়ে তারা বৃদ্ধার মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার কান কেটে দুল এবং নাক কেটে স্বর্ণের নাকফুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বেগম বিবিকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। স্বজনেরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে বৃহস্পতিবার রাতে পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত বৃদ্ধার ছেলে জসিম মোল্লা।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই বৃদ্ধার ওপর হামলা চালানো হয়েছিল। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট