রাজধানীতে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার, চোরাই ১৭ বাইসাইকেল জব্দ

রাজধানীতে ছিনতাই চেষ্টাকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। পৃথক অভিযানে উত্তরা পশ্চিম থানা পুলিশ ১৭টি চোরাই বাইসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজার ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তথ্যমতে, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার রেললাইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরইউর ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল। এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে মো. ইয়াসিন (১৯) ও মো. সাগর (১৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াসিনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় দুটি নন-এফআইআর অভিযোগ রয়েছে।
এর আগে একই দিন রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান চালায় এসআরইউর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে মো. শিশির (২২), মোহাম্মদ রাজন (২০) ও মোহাম্মদ রিয়াদুল ইসলাম (১৯) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭টি চোরাই বাইসাইকেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. মনির হোসেন (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকায় রাত সোয়া ১টার দিকে অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি বাইসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
এসআরইউর অভিযানে গ্রেপ্তার পাঁচজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।


