logo
সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

শ্রমিক দল নেতা রাসেল হত্যার নেপথ্যের ঘটনা জানাল এসআরবি

শ্রমিক দল নেতা রাসেল হত্যার নেপথ্যের ঘটনা জানাল এসআরবি
গ্রেপ্তার মো. সেলিম। ছবি : এসআরবির সৌজন্যে

নোয়াখালীর চাটখিলে শ্রমিক দল নেতা মোহাম্মদ রাসেল (৩২) হত্যা মামলায় তার সাবেক স্ত্রী, সাবেক স্ত্রীর বোন ও বর্তমান স্বামীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এসআরবির দাবি, পরকীয়ার সম্পর্ককে কেন্দ্র করে বিবাহবিচ্ছেদ এবং পরবর্তী বিরোধ ও ক্ষোভের জেরে পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন নিহত রাসেলের সাবেক স্ত্রী ফারজানা আক্তার মুক্তা (২৬), তার বোন নাদিয়া সুলতানা রত্না (২৫) এবং মুক্তার বর্তমান স্বামী মো. সেলিম (২৫)। মুক্তা নোয়াখালীর সানুখালী গ্রামের আব্দুল মন্নানের মেয়ে। সেলিম খাগড়াছড়ির রামগড় থানার গুইয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

মোহাম্মদ রাসেল। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া
মোহাম্মদ রাসেল। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

এসআরবি জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার পরকীয়া সম্পর্কের জেরে রাসেলের সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে মুক্তা রাসেলকে তালাক দেন। তবে রাসেল বিচ্ছেদ মেনে নিতে পারেননি। তিনি আবারও মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা করেন। এর মধ্যে চলতি বছরের অক্টোবরে সেলিমকে বিয়ে করেন মুক্তা। বিষয়টি জানার পর রাসেল মুক্তাদের বাড়িতে যাতায়াত বাড়িয়ে দেন বলে জানায় এসআরবি।

এসআরবির ভাষ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর মুক্তা রাসেলের ব্যবহৃত মোবাইল ফোনে কল করে তাকে তাদের বাড়িতে যেতে বলেন। ওই ফোন পেয়ে রাত ১০টার দিকে সেখানে যান রাসেল। পরে বিভিন্ন বিষয় নিয়ে রাসেল ও মুক্তার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করেন মুক্তা।

এসআরবির আরও জানায়, হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে রাসেলের মরদেহ কম্বলে মুড়িয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেওয়া হয়। বৃহস্পতিবার পুলিশ মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে চাটখিল থানায় হত্যা মামলা করেন।

ওই মামলার ভিত্তিতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে আটক করা হয়। পরে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার তিনজনকে চাটখিল থানায় হস্তান্তর করে এসআরবি-১১।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট