কেন সিদ্ধার্থের ফোন ঘাঁটাঘাঁটি করেন কিয়ারা

মাঝেমধ্যে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার ফোন ঘেঁটে দেখেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। তবে এর পেছনে সন্দেহ কিংবা অবিশ্বাসের কোনো বিষয় নেই। বরং নেহাত কৌতূহল থেকেই স্বামীর ব্যক্তিগত কথোপকথন পড়েন তিনি। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে এমন তথ্যই জানিয়েছেন এই অভিনেত্রী।
১১ নভেম্বর প্রকাশিত অনুষ্ঠানের নবম মৌসুমের পঞ্চম পর্বে প্রথমবারের মতো একসঙ্গে অতিথি হয়ে আসেন সিদ্ধার্থ-কিয়ারা। সেখানে নিজেদের দাম্পত্যজীবনের নানা মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তারা। একপর্যায়ে সঙ্গীর ফোন ঘেঁটে দেখার অভ্যাস নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক করণ জোহর।
প্রশ্নের জবাবে কিয়ারা স্বীকার করেন, তিনি মাঝেমধ্যে সিদ্ধার্থের ফোনের কথোপকথন পড়েন। তবে নির্দিষ্ট কাউকে খোঁজা কিংবা সন্দেহজনক কিছু বের করার উদ্দেশ্যে নয়, এমনিই বিভিন্ন কথোপকথন পড়তে ভালো লাগে তার।
এ সময় সিদ্ধার্থও বিষয়টি নিয়ে মজা করেন। তার ভাষ্য, কিয়ারা মূলত জানতে চান, তিনি কার সঙ্গে কথা বলছেন কিংবা কাকে বার্তা পাঠাচ্ছেন। তবে বেশির ভাগ সময়ই সেসব কথোপকথন জিমসংক্রান্ত সাধারণ বিষয় নিয়ে। এ নিয়ে কিয়ারার কোনো অস্বস্তি নেই বলেও জানান তিনি।
অনুষ্ঠানে নিজেদের ব্যক্তিগত জীবনের আরও কিছু মজার অভিজ্ঞতা তুলে ধরেন এই তারকা দম্পতি। বিশেষ করে ছুটিতে তোলা ছবি নিয়ে দুজনের কথার লড়াই বেশ উপভোগ্য হয়ে ওঠে।
সিদ্ধার্থের অভিযোগ, কিয়ারা তার ভালো ছবি তুলতে পারেন না। অথচ দুজনের ছুটির ছবি তুলনা করলে কিয়ারার ছবিগুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সুন্দর দেখায়। এ নিয়ে রসিকতা করে সিদ্ধার্থ বলেন, কিয়ারা তার ছবি তুললে সুইজারল্যান্ডের মতো সুন্দর জায়গাকেও আলিবাগের মতো মনে হয়। কিয়ারার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবির মানও ভালো হচ্ছে না বলে মজা করেন অভিনেতা।
অন্যদিকে কিয়ারার দাবি, ক্যামেরার সামনে তিনি সিদ্ধার্থের চেয়ে বেশি সাবলীল। তবে স্বামীর বেশকিছু ভালো ছবিও তার কাছে রয়েছে বলে জানান অভিনেত্রী। এমনকি তাদের সন্তানের সঙ্গে সিদ্ধার্থের সুন্দর কিছু ছবিও তার কাছে আছে বলে উল্লেখ করেন তিনি।
দুজনের এমন খুনসুটি ও খোলামেলা কথাবার্তায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। পর্দার বাইরের জীবনে এই তারকা দম্পতির হাসি-ঠাট্টা ও সম্পর্কের সহজাত রসায়নও উঠে আসে তাদের কথায়।
সূত্র: বলিউড হাঙ্গামা।