মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিনিরাপত্তা মহড়া

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড প্রতিরোধ, তাৎক্ষণিক করণীয় এবং উদ্ধার কার্যক্রম বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় ঢাকা-১৭ সংসদীয় আসনভুক্ত সাততলা বস্তিতে এ কার্যক্রম শুরু হয়।
মহড়ার শুরুতে বস্তিবাসীদের অগ্নিপ্রতিরোধে করণীয়, অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা নেওয়া, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের পদ্ধতি এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে ভেজা মোটা কাপড় বা চটের বস্তা দিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। পরে গ্যাস সিলিন্ডারে লাগা আগুন নেভানোর পদ্ধতি প্রদর্শন ও অনুশীলন করানো হয়।
এরপর ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে বস্তিবাসী, স্থানীয় এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ, উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক একটি কার্যকরী মহড়া অনুষ্ঠিত হয়। এতে বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের সদস্যরা অংশ নেন।
মহড়া শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলু মিয়া, সিনিয়র সহসভাপতি শরীফ ভূঁইয়া এবং ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।
পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতা তৈরিতে গণসংযোগ চালানো হয়। অগ্নিকাণ্ডসহ যে কোনো দুর্ঘটনায় দ্রুত সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ সম্পর্কে তাদের জানানো হয় এবং নম্বর-সংবলিত স্টিকার বিভিন্ন স্থানে লাগানো হয়।
এ সময় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার ফয়সলুর রহমান ও মো. আব্দুল মন্নানসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


