logo

ঝড়ে উপড়ে পড়েও ফের দাঁড়াল গাছ, দেখতে মানুষের ঢল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
ঝড়ে উপড়ে পড়েও ফের দাঁড়াল গাছ, দেখতে মানুষের ঢল
ছবি: এশিয়া পোস্ট

ঝড়ে পড়ে যাওয়া একটি গাছ ডালপালা কাটার পর আবার সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। এমনকি গাছের গোড়া কাটার পরও এটি ঠাঁয় দাঁড়িয়ে আছে। আখাউড়ার এই গাছটি নিয়ে এলাকায় রীতিমতো হৈচৈ শুরু হয়েছে। মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের গাছটি দেখতে প্রতিদিন শত শত লোক এসে ভিড় জমাচ্ছেন। গাছের শিকড় ও ছাল নেওয়ার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ, করছেন মানতও।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সরেজমিন দেখা যায়, ডালপালাহীন গাছের একটি অংশ দাঁড়িয়ে আছে, যার নিচের অংশটি কাটা। গাছে লাল কাপড় বাঁধা এবং চারদিকে নিশানা টানিয়ে দেওয়া হয়েছে। এলাকার মানুষ বলছেন ঘটনাটি অলৌকিক এবং সৃষ্টিকর্তার ইশারাতেই এমন হয়েছে। তারা গাছটিকে দেখেশুনে রাখছেন। কাঠুরেও জানালেন তার অভিজ্ঞতার কথা।

মুন্সী বাড়ির পরিবারের সদস্য শারমীন সুলতানা দাবি করেন, তিনি গাছটি পড়ে যেতে এবং আবার সোজা হয়ে উঠতেও দেখেছেন। মাস দেড়েক আগে প্রচণ্ড ঝড়ে গাছটি পড়ে যায়। গাছটি কেটে টুকরো টুকরো করার পর হঠাৎ এটি সোজা হয়ে দাঁড়িয়ে যায়। দেখা মাত্রই তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এরপর বাড়ির লোকসহ আশপাশের মানুষ এসে বিষয়টি দেখেন।

পরিবারের সদস্য আবুল বাশার মুন্সী বলেন, এটি আমার এক ভাতিজার গাছ। তুফানে পড়ে গেলে গাছটি বিক্রি করা হয়। ডালপালা কাটার পর এটি আবার দাঁড়িয়ে যায়। এটা সরাসরি আল্লাহর কুদরত।

গাছের মালিক মাহবুব মুন্সী বলেন, আল্লাহ ভালো জানেন কীভাবে কী হয়েছে। এখন গাছ দেখতে প্রতিদিন শত শত লোক আসেন, মানত করেন, আগরবাতি ও মোমবাতি জ্বালান। অনেকে শিকড় নিয়ে যাচ্ছেন; তাদের ধারণা, এতে রোগ-বালাই ভালো হবে।

আঁখি বেগম নামে এক প্রতিবেশী বলেন, গাছটি পড়ে থাকার সময় আমরা এর ওপর দিয়ে চলাচল করেছি। এখন গাছটি দাঁড়িয়ে গেছে। আমরা যতটুকু পারছি গাছটিকে সম্মান করছি।

তবে কাঠুরে মো. আমিন মিয়া বলেন, গাছটি ঝড়ে শিকড়সহ উল্টে মাটিতে পড়ে গিয়েছিল। ডালপালা কাটার পর (ওজন কমে যাওয়ায়) শিকড়ের টানে এটি আবার সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। নিচের গোড়ার আর কয়েক ইঞ্চি জায়গা কেটে দিলেই এটি পড়ে যাবে। এখানে জিন-ভূত বা অলৌকিক বলে কিছু নেই। তবে মানুষ কৌতূহলবশত গাছটি দেখতে ভিড় করছেন।