logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

চাঁদপুর/জুয়ার টাকার জন্য নানিকে হত্যা, নাতি গ্রেপ্তার

জুয়ার টাকার জন্য নানিকে হত্যা, নাতি গ্রেপ্তার
চাঁদপুরে নানি হত্যাকাণ্ডে গ্রেপ্তার কিশোর। ছবি: এশিয়া পোস্ট

অনলাইনে জুয়া খেলে টাকা হারানোর পর সেই দেনা পরিশোধ করতে নিজের ৬৫ বছর বয়সি নানিকে গলা কেটে হত্যার পরিকল্পনা করে ১৬ বছর বয়সি এক কিশোর।

পরিকল্পনা অনুযায়ী, নানির ভাড়া বাসায় ঢুকে হাত-পা ও মুখ বেঁধে ধারাল ছুরি দিয়ে গলা কেটে তাকে হত্যা করে সে। এরপর নানির স্বর্ণের চেন, আংটি, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

তার দেওয়া তথ্য অনুযায়ী, হত্যায় ব্যবহৃত ছুরি ও লুট করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।

তিনি জানান, অনলাইনে জুয়া খেলায় টাকা হারিয়ে দেনার টাকা পরিশোধ করতে কিশোর একাই নানিকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন সে কৌশলে নানির ভাড়া বাসায় প্রবেশ করে। পরে নানির হাত-মুখ বেঁধে ধারাল ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যার পর নিহতের গলার স্বর্ণের চেন, হাতের আংটি, এক জোড়া কানের দুল ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, কিশোরের দেওয়া তথ্য ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারাল ছুরি উদ্ধার করা হয়েছে। সে নিজ হাতে সপ্তমতলার টয়লেটের পাইপের ভেতর থেকে ছুরিটি বের করে দেয়। এ ছাড়া বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরুল্লাহপুর এলাকায় তার নিজ বাড়ির শয়নকক্ষে থাকা স্টিলের আলমারির নিচ থেকে নিহতের স্বর্ণের চেন, একটি আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত ২২ নভেম্বর বিকেল ৫টার পর শহরের জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, গত ১৮ নভেম্বর শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্স নামের একটি ভবনের সপ্তম তলার উত্তর-পূর্ব পাশের একটি কক্ষ থেকে লুৎফুন্নাহার (৬৫) নামে এক বৃদ্ধার হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার (৩৬) বাদী হয়ে ২১ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের মাত্র ৪২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।