আশুলিয়ায় কারখানার আগুন নিয়ন্ত্রণে, বিস্ফোরণে নারী পথচারী নিহত

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কারখানায় লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় সিলিন্ডার বিস্ফোরণে ছিটকে আসা অংশের আঘাতে এক নারী পথচারী নিহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তাসংলগ্ন এলাকায় প্রীতি গ্রুপের এস সূচী ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মোছা. জয়নব বেগম (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ বিকট শব্দে কারখানার একটি ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে বিস্ফোরণ ঘটে। এ সময় আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় লরি বা সিলিন্ডারের একটি অংশ ছিটকে গিয়ে পাশের এলাকায় থাকা জয়নব বেগমকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মেয়ের ভাষ্য, কয়েক দিন আগে তার মা জামগড়ায় তার বাসায় বেড়াতে আসেন। ঘটনার সময় তিনি একটি দোকানে দর্জির কাজ করছিলেন এবং তার মা দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিস্ফোরণের পর একটি সিলিন্ডার এসে তার মায়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলেও আহত হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, কারখানার গেটের সামনে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন পাশের একটি পরিত্যক্ত জায়গায় ছড়িয়ে পড়ে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও জানান, বিস্ফোরণের সময় সড়ক দিয়ে হেঁটে যাওয়া এক নারী গুরুতর আহত হয়ে মারা যান। তার মরদেহ উদ্ধার করে কারখানার গেটের সামনে রাখা হয়েছে।
