তরুণীর ছবি এডিট করে ফেসবুকে ছড়ানোর দায়ে নারীসহ গ্রেপ্তার ৩

নীলফামারীর সৈয়দপুরে এক তরুণীর ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীলভাবে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
এর আগে, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে শহরের নিচুকলোনী সাহেবপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কামাল আলীর ছোট ছেলে সুজন মিয়া (২৫), মেজ ছেলে সাকির রানা (৩০) ও সাকির রানার স্ত্রী মাহিমা ইসলাম শাম্মী (২৫)।
ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সুজন মিয়া ওই তরুণীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে বিভিন্নভাবে প্ররোচিত করে তাকে গোপনে বিয়ে করেন সুজন। পরে বিষয়টি তরুণীর পরিবার জানতে পারলে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়।
এর পরিপ্রেক্ষিতে সুজনের পরিবারের লোকজন তরুণীকে দেখতে তাদের বাড়িতে গিয়ে তার ছবি তুলে নিয়ে আসেন। পরে আসামিরা ওই ছবি এডিট করে ফেসবুকে অশ্লীলভাবে ছড়িয়ে দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, এক তরুণীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।


