logo

দেশ ছাড়ার খবর জানালেন সেই শিশুর বাবা

দেশ ছাড়ার খবর জানালেন সেই শিশুর বাবা
শাহজালাল রুমি। ছবি: ভিডিও থেকে নেওয়া

টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে আলোচনার মধ্যে দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন শিশুটির বাবা শাহজালাল রুমি।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে আগামীর সময়কে পাঠানো এক খুদেবার্তায় তিনি নিজেই এ তথ্য জানান। তবে তিনি কোন দেশে অবস্থান করছেন, তা উল্লেখ করেননি।

খুদেবার্তায় শাহজালাল রুমি বলেন, আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।

বার্তায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেছেন, একজন আলেম হয়েও তিনি অনেক মিথ্যা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন।

টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ক্বরীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২১ অক্টোবর মাদ্রাসায় গিয়ে অভিযুক্তকে মারধর করেন শিশুর পিতা শাহজালাল রুমি।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় মামলা হলে মোসলেমকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে শাহজালাল রুমির বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়।

পাল্টা মামলা দায়েরের পর থেকে শাহজালাল রুমি আড়ালে চলে যান। আর আজ (সোমবার) খুদেবার্তায় দেশ ছেড়েছেন বলে জানান তিনি।