logo

আখেরি মোনাজাতে শেষ হলো দিনাজপুরের ৩ দিনব্যাপী ইজতেমা

আখেরি মোনাজাতে শেষ হলো দিনাজপুরের ৩ দিনব্যাপী ইজতেমা
দিনাজপুরের ইজতেমারি আখেরি মোনাজাতে মুসল্লিরা। ছবি: এশিয়া পোস্ট

লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দিনাজপুরে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা শেষ হয়েছে। মোনাজাতে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়।

রোববার (৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানের দণি অংশের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত আখেরি মোনাজাতে ঢল নামে সর্বস্তরের মানুষের।

দুপুর ১২টায় শুরু হয়ে ১২টা ২০ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইলের মুরুব্বি ও বাংলাদেশ তাবলিগ জামাতের রোকন-জিম্মাদার (দায়িত্বশীল) মাওলানা মো. মনির বিন ইউসুফ।

মোনাজাতে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেন। তারা গোর-এ-শহীদ বড় ময়দানের দণি পাশে শিশু পার্কের ভেতরে এবং আশপাশের সড়কের পাশে গাছের নিচে অবস্থান নিয়ে মোনাজাতে শরিক হন।

এর আগে সকাল থেকেই ইজতেমা মাঠে মুসল্লিদের সমাগম বাড়তে থাকে। সকাল সাড়ে ১০টার মধ্যে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। একপর্যায়ে পুরো এলাকা পরিণত হয় বিশাল জনসমুদ্রে।

আখেরি মোনাজাতে অংশ নিতে শহরের অধিকাংশ দোকানি দোকানপাট বন্ধ রেখে ইজতেমা মাঠে ছুটে যান। তাবলিগ জামাতের সাথী, দেশি-বিদেশি জামাতের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পেশাজীবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

এ ছাড়া দিনাজপুর সদর, বিরল, চিরিরবন্দরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে নারী, পুরুষ ও শিশুসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ আখেরি মোনাজাতে শরিক হন।

শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ইজতেমা শুরু হয়। ইজতেমায় ঢাকার কাকরাইলের মুরুব্বিদের পাশাপাশি দেশি-বিদেশি মেহমানরা বয়ান করেন। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় ইজতেমার কার্যক্রম।

ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করা হয়। ইজতেমা মাঠের চারপাশে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্য ও গোয়েন্দা বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করেন।