বিয়ে করলেন জাকসুর এজিএস মেঘলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নারী এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন জাকসুর কার্যকরী নারী সদস্য নাবিলা বিনতে হারুন।
এর আগে, শুক্রবার (১৪ আগস্ট) পারিবারিকভাবে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে তার বিয়ে সম্পন্ন হয়।
জানা গেছে, মেঘলার স্বামীর নাম আস সাদিক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’র ২০২১-২২ সেশনের সাবেক সভাপতি ছিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেঘলার বিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়। তবে বিয়ের বিষয়ে মেঘলার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আয়শা সিদ্দিকা মেঘলা জাকসুর সর্বশেষ নির্বাচনে নারী এজিএস পদে ৩ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
এদিকে মেঘলার বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্যজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তারা।



