ত্রিশালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে নিহত পুরুষের বয়স আনুমানিক ৩৫ বছর এবং নারীর বয়স ৪০ বছর বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জেলার নান্দাইল চৌরাস্তা থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ত্রিশাল সদরের দিকে আসছিল। ঠাকুরবাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আহত চারজনকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



