logo

চরের ৫০০ শিক্ষার্থীকে নিয়ে খাবার খেলেন ও চিকিৎসা দিলেন কর্মকর্তারা

চরের ৫০০ শিক্ষার্থীকে নিয়ে খাবার খেলেন ও চিকিৎসা দিলেন কর্মকর্তারা
খাবার আগে তিস্তা চরের শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

নদীভাঙন, দারিদ্র্য আর যাতায়াতের নানা প্রতিবন্ধকতায় তিস্তা চরের মানুষের জীবন যেন প্রতিনিয়ত এক কঠিন সংগ্রাম। বর্ষায় জলের তোড়ে ঘরবাড়ি হারালেও শুষ্ক মৌসুমে ধু-ধু বালুচরে নতুন করে বাঁচার স্বপ্ন বোনে এখানকার মানুষ। সেই চরের কোমলমতি শিক্ষার্থীদের মুখে একটুখানি হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

নিজেদের এ ব্যক্তিগত উদ্যোগ ও সংগৃহীত উপকরণে তিস্তা চরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থীকে একবেলা খাবার খাইয়েছেন তারা। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও পুরস্কার বিতরণ করেছেন। এ ছাড়াও চরের সাধারণ মানুষ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

Advertisement

রোববার (২৯ নভেম্বর) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী তিস্তা চরে দিনব্যাপী এমন প্রাণবন্ত আয়োজন দেখা গেছে। সকাল থেকেই বালুচরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এবং দূর-দূরান্ত থেকে আসা শিশু-কিশোরদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। প্রশাসনের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের চরে নেমে আসার এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন।

কোনো সরকারি বরাদ্দ বা আনুষ্ঠানিক বাজেট ছাড়াই প্রায় এক মাসের পরিকল্পনায় কর্মকর্তারা নিজেদের ব্যক্তিগত সামর্থ্যে খাদ্যসামগ্রী সংগ্রহ করেন। ভোর থেকে রান্না শেষে বড়বড় হাঁড়িতে তৈরি খিচুড়ি ও ডিমসহ বিভিন্ন খাবার সারিবদ্ধভাবে বসা শিশুদের সঙ্গে বসেই খান উপজেলার কর্মকর্তারা।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, গত এক মাস ধরেই আমরা এই পরিকল্পনা করেছি। সবার কাছে বিভিন্ন উপকরণ নেওয়া হয়েছে। নিজেদের উদ্যোগেই এই আয়োজন করা হয়েছে। তিস্তা পাড়ের শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতার কারণে অনেক সময় ভালো কিছু করতে পারে না, ঠিকমতো স্বাস্থ্যসেবাও পায় না। এসব চিন্তা থেকেই আমরা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা একদিন তিস্তা চরে এসে তাদের সঙ্গে সময় কাটিয়েছি।

খাবারের পাশাপাশি চরের শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আনন্দের জন্য ক্রীড়া প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করা হয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কর্মকর্তারা।

অন্যদিকে, নদী পারাপার ও যাতায়াত সমস্যার কারণে তিস্তা চরের বাসিন্দাদের চিকিৎসা সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে, বিশেষ করে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে উপজেলায় যাওয়া কষ্টসাধ্য হয়। এই বাস্তবতায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চরেই বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হয়।

আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শৌলমারী তিস্তা চরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, আমরা চরে থাকি। আমাদের স্কুলে এমন বড় আয়োজন খুব কম হয়। আজকে স্যারেরা আমাদের সঙ্গে বসে খাবার খেয়েছেন, খেলাধুলা করিয়েছেন, পুরস্কার দিয়েছেন। অনেক মজা লেগেছে। এমন দিন বারবার এলে খুব ভালো হতো।

আরেক শিক্ষার্থী মো. রাফি মিয়া বলে, আজকে ডিম, ডাল, ভাত খুব মজা করে খেয়েছি। স্যারেরা আমাদের পাশে বসে খেয়েছেন দেখে খুব ভালো লেগেছে। খেলায় পুরস্কারও পেয়েছি।

শিক্ষার্থীর বাবা মো. বাবলু মিয়া বলেন, তিস্তা চরে আমাদের জীবন খুব কষ্টের। ঠিকমতো কাজকর্ম থাকে না, বাচ্চাদের ভালো খাবারও সবসময় দিতে পারি না। আজকে ইউএনও স্যারসহ সব দপ্তরের স্যারেরা চরে এসে বাচ্চাদের পেট ভরে খাইয়েছেন, আমাদের অসুস্থ-প্রতিবন্ধী মানুষের চিকিৎসা দিয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। স্যারেরা আমাদের ভুলে যাননি, চরে এসে খোঁজ নিয়েছেন, এতেই আমরা খুশি।

একজন প্রতিবন্ধী ব্যক্তির মা মাজেদা বেগম বলেন, উপজেলায় যাওয়া আমাদের জন্য খুব কঠিন। গাড়িভাড়া, লোকজনের সাহায্য সব মিলিয়ে পারা যায় না। আজকে চরেই ডাক্তার দেখাতে পেরেছি, সেবা পেয়েছি। আল্লাহ স্যারদের ভালো করুক।