বিড়াল হারানোয় পত্রিকায় বিজ্ঞাপন, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

হারিয়ে যাওয়ার প্রায় এক মাস পর পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করা হলো পাবনার বাসিন্দা খুশির প্রিয় পোষা পারসিয়ান বিড়ালটি। বিড়ালটি হারিয়ে যাওয়ার পর তার খোঁজ জানতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন মালিক খুশি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উদ্ধার শেষে বিড়ালটি তার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর কাবলী মওলা রোডের নিজ বাড়ি থেকে পারসিয়ান বিড়ালটি বের হয়ে আর ফিরেনি। আশপাশে বহু খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে অবশেষে স্থানীয় পত্রিকায় বিড়ালটি হারিয়ে যাওয়ার বিজ্ঞাপন দেন মালিক খুশি (৪১)।
বিজ্ঞাপন প্রকাশের পর ওমা নামের এক নারী মোবাইল ফোনে কল করে দাবি করেন, বিড়ালটি তার কাছেই রয়েছে এবং সেটি অসুস্থ হয়ে পড়ায় তিনি চিকিৎসাও করিয়েছেন। তবে বিড়ালটির বর্তমান অবস্থান ও ঠিকানা জানতে চাইলে ওই নারী স্পষ্ট কোনো তথ্য না দিয়ে ফোন বন্ধ করে দেন। এরপর আর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরবর্তীতে বিড়ালটির কোনো সন্ধান না পেয়ে বাধ্য হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন খুশি। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে বুধবার পাবনা শহরের একটি বাসা থেকে বিড়ালটি উদ্ধার করে পুলিশ।
হারিয়ে যাওয়া প্রিয় পোষা প্রাণীটিকে ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করে খুশি বলেন, “বিজ্ঞাপন দেওয়ার পর বিড়ালটি একজনের কাছে আছে জানতে পেরে আশার আলো দেখেছিলাম। কিন্তু হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুঃশ্চিন্তায় পড়ে যাই। অবশেষে পুলিশ বিড়ালটি উদ্ধার করে দেওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।”
এ বিষয়ে পাবনা সদর থানার কর্মকর্তা (ওসি-তদন্ত) সঞ্জয় সাহা জানান, লিখিত অভিযোগের পর তদন্ত শুরু করে পুলিশ। আজ শহরের একটি বাসা থেকে বিড়ালটি উদ্ধার করে যথাযথ প্রক্রিয়া শেষে তার মালিকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
