logo

ওসমান হাদির নাম সরিয়ে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ওসমান হাদির নাম সরিয়ে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
সরানোর আগে ও পরে ঢাবির শহীদ ওসমান হাদি হলের নাম ফলক। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের মূল প্রবেশদ্বার থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলকটি সরিয়ে ফেলা হচ্ছে। হলের আগের নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা সম্বলিত নামফলকটিই পুনরায় স্থাপন করার প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে প্রবেশদ্বার থেকে ওসমান হাদির নামফলকটি অপসারণের কাজ শুরু হয়।

হল চত্বরের এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সামনে এসে অনেকে বিভ্রান্ত হয়ে যায় হল চিনতে। আজ থেকে আর সেই বিভ্রান্তি থাকবে না। আগের নামটি ছিঁড়ে ফেলা হচ্ছে।’

সরানোর হয় ঢাবির শহীদ ওসমান হাদি হলের নাম ফলক। ছবি: এশিয়া পোস্ট
সরানোর হয় ঢাবির শহীদ ওসমান হাদি হলের নাম ফলক। ছবি: এশিয়া পোস্ট

এ বিষয়ে আব্দুল্লাহ আল নোমান জানান, হল প্রশাসনের প্রত্যক্ষ নির্দেশেই ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরানোর এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

হল ছাত্রদলের আহ্বায়ক সাঈফ আল ইসলাম দীপ এশিয়া পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরেই হলের নাম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা বিভ্রান্তি ছিল। অভিভাবকরা আসলে দেখা যেত তারা গেটে অন্য নাম দেখে বিভ্রান্ত হয়ে ফিরে যেত। অনলাইনে কোনো কিছু অর্ডার করলেও ডেলিভারিম্যানও একই বিড়ম্বনায় পড়তো। দেড় মাস আগেই যেহেতু এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে আগের নাম রাখারই সিদ্ধান্ত হয়েছে- সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্তি দূর করতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগ নিয়েছে।

তবে এ বিষয়ে ফোনে তাৎক্ষণিক কোনো মতামত দিতে চাননি হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তাকে ফোন করা হলে অফিসে গিয়ে সরেজমিনে যোগাযোগ করার কথা জানান তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যুর পর বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ শেখ মুজিবুর রহমান হলের প্রবেশদ্বারে পরিবর্তন এনে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক টাঙিয়ে দিয়েছিলেন।