logo
Advertisement

নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮

এশিয়া পোস্ট নিউজ,নাটোর
নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
দুর্ঘটনাকবলিত লাশবাহী অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যান। ছবি : এশিয়া পোস্ট

নাটোরের গুরুদাসপুরে কাভার্ডভ্যান ও লাশবাহী বহনকারী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স নাটোরে আসছিল। পথিমধ্যে মহাসড়কের তালবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা-পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আহত অ্যাম্বুলেন্সচালক ও স্বজনদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া চালককে আটক এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।