logo
Advertisement

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসীর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ,কক্সবাজার
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসীর মৃত্যু
নিহতে মোহাম্মদ আসিফ। ছবি: এশিয়া পোস্ট

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আসিফ (২২) নামে চকরিয়ার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

Advertisement

গত রোববার (৩০ আগস্ট) রাতে দুবাই-আবুধাবি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আসিফ কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকার বাসিন্দা দেলোয়ার হোছাইনের বড় ছেলে। তিনি জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কর্মস্থল থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে দুবাই-আবুধাবি মহাসড়কে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা দেলোয়ার হোছাইন আকুতি জানিয়ে বলেন, আমার সব শেষ হয়ে গেছে! পরিবারের ভাগ্য বদলাতে ছেলেটা প্রবাসে গিয়েছিল। সে এভাবে লাশ হয়ে ফিরবে, তা কখনো কল্পনাও করিনি। সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাছে অনুরোধ, যেন আমার ছেলের মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। আমি শেষবারের মতো ছেলের মুখটা দেখতে চাই।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, এখন পর্যন্ত এ বিষয়ে প্রাতিষ্ঠানিক বা সরকারিভাবে তিনি কোনো তথ্য পাননি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে একটি নির্দিষ্ট ফরম পূরণ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করার পরামর্শ দেন তিনি। সরকারের নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক অনুদানসহ সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে বলে জানান তিনি।