logo

শেরপুরে ১২ দিনে মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী নিখোঁজ

শেরপুরে ১২ দিনে মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী নিখোঁজ
নিখোঁজ পাঁচ মাদ্রাসা শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১২ দিনের ব্যবধানে মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে।

জানা গেছে, গত ২৭ মে সকালে উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ১৫ বছর বয়সি শিক্ষার্থী ইসরাফিল দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। এরপর ৬ জুন নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী পাঁচগাঁও গ্রামের খন্দকার মোবারক হোসেনের ১৩ বছর বয়সি ছেলে খন্দকার মাশরাফি মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ৭ জুন দুপুরে পাঁচগাঁও গ্রামের ইক্বরা মডেল হাফেজিয়া মাদ্রাসা থেকে একই গ্রামের তিন শিক্ষার্থী ১১ বছর বয়সি রাব্বানী, ১২ বছর বয়সি তোফায়েল এবং ১৩ বছর বয়সি রাসেল নিখোঁজ হয়।

স্থানীয়রা জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে রাব্বানী ও তোফায়েল এর আগেও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এবং পরে আত্মীয়স্বজনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তারা পড়াশোনায় অমনোযোগী ছিল বলেও জানা গেছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। অনেকেই সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

এ বিষয়ে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম জানান, ইসরাফিল ও মাশরাফির পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাঁচগাঁও থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীর অভিভাবকরাও জিডি করতে থানায় এসেছেন। নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ কাজ করছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।