logo
Advertisement

ইজিবাইক চালককে পিটিয়ে পদ হারালেন বিএনপি নেতা

ইজিবাইক চালককে পিটিয়ে পদ হারালেন বিএনপি নেতা
পাইকগাছা রুটের ইজিবাইক চালকদের প্রতিবাদ মিছিল ও বহিষ্কৃত বিএনপি নেতা রুবেল সরদার। ছবি : এশিয়া পোস্ট

খুলনার পাইকগাছায় ইজিবাইক স্ট্যান্ডের নিয়ম লঙ্ঘন ও যাত্রী নামানোকে কেন্দ্র করে ইজিবাইক চালককে মারধরের অভিযোগে পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. রুবেল সরদারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি মো. আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশ।
বহিষ্কারাদেশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সোলাদানা থেকে যাত্রী নিয়ে পাইকগাছা কোর্ট মোড়সংলগ্ন ইজিবাইক স্ট্যান্ডে আসেন চালক প্রভাস। স্ট্যান্ডের স্টার্টার রুবেল চালককে যাত্রী নামিয়ে তার সঙ্গে দেখা করতে বললে যাত্রীরা ক্ষুব্ধ হন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এক যাত্রী তার ছেলে বিএনপি নেতা রুবেল সরদারকে ডেকে আনেন। অভিযোগ ওঠে, রুবেল সরদার দলবল নিয়ে স্ট্যান্ডে এসে চালক ও স্টার্টারসহ কয়েকজনকে মারধর করেন।

এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত রুবেলের শাস্তির দাবিতে রোববার সকালে সোলাদানা-পাইকগাছা রুটের ইজিবাইক চালকরা প্রতিবাদ মিছিল বের করেন। একই সঙ্গে তারা সাময়িকভাবে ইজিবাইক চলাচল বন্ধ রাখেন। এতে ওই রুটের সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি মো. আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে মো. রুবেল সরদারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

চিঠিতে বলা হয়, রুবেল সরদার বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আসছিলেন এবং এতে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছিল। বিগত দিনে তাকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি তাতে কর্ণপাত করেননি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এদিকে দলীয়ভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছেন ইজিবাইক চালক ও শ্রমিকেরা।