logo

মানিকগঞ্জ/পরকীয়ার অভিযোগে স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী পলাতক

পরকীয়ার অভিযোগে স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী পলাতক
নিহত রাশেদুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক বিরোধ ও পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে রাশেদুল ইসলাম (৩৮) নামের এক পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্ত্রী হাসনা আক্তার (৩২) পলাতক রয়েছেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি ও কাপড় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধুবনী গ্রামের মৃত ছোরমান আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক।

রাশেদুল সাভারের রাজফুলবাড়িয়া এলাকার এসকেএইচ গার্মেন্টসে স্যাম্পল সুপারভাইজার হিসেবে কাজ করতেন। তার স্ত্রী হাসনা আক্তারও একটি পোশাক কারখানায় মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে রাশেদুল ও হাসনার দুই সন্তানের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান। এ সময় ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় রাশেদুলকে পড়ে থাকতে দেখা যায়। পরে সন্তানদের সহায়তায় ঘরের দরজা খুলে রাশেদুলকে বাইরে বের করা হয়। এ সময় হাসনা পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহতের ছেলে আবুল হাসান বলে, রাতে সে বাবার সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে ছিল। পাশের কক্ষে মা ও বোন ছিল। ভোর চারটার দিকে বাবার চিৎকারে তার ঘুম ভেঙে যায়। পরে বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় সে। আবুল হাসানের ভাষ্য, তখন তার মা রক্তমাখা ছুরি হাতে বাবার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় স্বামীকে অন্য নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগে তার মাকে কথা বলতে শোনে সে।

নিহতের পঞ্চম শ্রেণির পড়ুয়া মেয়ে রুমাইয়ার অভিযোগ, কয়েক দিন আগে তার মা একটি ধারালো ছুরি এনে আলমারিতে লুকিয়ে রেখেছিলেন। ছুরিটি কেন রাখা হয়েছে জানতে চাইলে মা সেটি দিয়ে তার জন্মদিনের কেক কাটবেন বলে জানিয়েছিলেন। রুমাইয়ার দাবি, ওই ছুরি দিয়েই তার বাবাকে আঘাত করা হয়েছে।

লাশের সুরতহালকারী কর্মকর্তা ও সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ছুরি ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।