ব্যক্তিগত ভিডিও ছড়ানোর হুমকি, টাকা নিতে গিয়ে ধরা মাদ্রাসাশিক্ষক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে আবু সাঈদ (৪৩) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, শনিবার (২৪ অক্টোবর) রাতে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাঈদ গোবিন্দগঞ্জ পৌর শহরের মতিঝিলসংলগ্ন ডাকবাংলোর পেছনে অবস্থিত লালমাটিয়া মাদ্রাসার শিক্ষক। তার বিরুদ্ধে ওই মাদ্রাসার এক শিক্ষার্থীর মায়ের ব্যক্তিগত ভিডিও ধারণ এবং তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ওই নারী একজন প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় তিনি গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ অনুযায়ী, মোবাইল ফোনে ধারণ করা ব্যক্তিগত ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীর কাছ থেকে প্রথম দফায় তিন লাখ টাকা নেওয়া হয়। পরে শনিবার (২৪ অক্টোবর) দ্বিতীয় দফায় আরও ৫১ হাজার টাকা নিতে গেলে স্থানীয় লোকজন আবু সাঈদকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম বলেন, স্থানীয় লোকজন শনিবার রাতে আবু সাঈদকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

