logo

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৬ জন যাত্রী।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শামিম হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ট্রাক ও বাসের ৯ জন নিহত হন। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ নাটোর রাজশাহী মেডিকেল পাঠানো হয়। বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভেতর অংশে আটকে পড়া যাত্রী উদ্ধার কাজ করতে বেগ পেতে হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত এক শিশুসহ ১৪ জন নিহত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যা করার সে ব্যাবস্থা করা হচ্ছে।

ইতোমধ্যে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক সুমনী আক্তার,পুলিশ সুপার শরিফুল হক সহ প্রশাসনের কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।