ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

ময়মনসিংহের ত্রিশালে রেললাইন পার হতে গিয়ে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় ইয়াসিন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ফাতেমানগর রেলওয়ে স্টেশনের হোম সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন ত্রিশাল উপজেলার যশিদ্বার গ্রামের আজিজুল হকের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনটি সকাল ৯টার দিকে ফাতেমানগর রেলস্টেশনের হোম সিগন্যাল এলাকায় পৌঁছায়। এ সময় অসাবধানতাবশত রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
