logo
Advertisement

পদ্মায় নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে উদ্ধার করল বিএসএফ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী
পদ্মায় নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে উদ্ধার করল বিএসএফ
পদ্মা নদীতে নৌকাডুবির পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক উদ্ধারকৃত বাংলাদেশি যাত্রীদের স্পিডবোটে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এশিয়া পোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে ১২ জন যাত্রী নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া নৌকার ১০ জন যাত্রীকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আলিমনগর ঘাট থেকে খলিফার চরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নৌ-পুলিশ জানায়, কামাল নামে এক মাঝি ১২ জন যাত্রী নিয়ে একটি নৌকায় করে সদর উপজেলার চরবাগডাঙ্গার গোয়ালডুবি ঘাট থেকে নারায়ণপুরের খলিফাচর এলাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নদীর তীব্র স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ১০ জন যাত্রী স্রোতে ভেসে ভারতের সীমান্তে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করেন।

নৌকার মাঝি মো. কামাল জানান, নৌকাটি চরবাগডাঙ্গার গোয়ালডুবি এলাকা থেকে যাত্রী নিয়ে নারায়ণপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ নৌকাটি ডুবে যায় এবং ১০ মিনিটের মধ্যে ১০ জন যাত্রী ভেসে ভারতের সীমানায় চলে যান।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নৌকাডুবির পর ১০ বাংলাদেশিকে ভারতের খান্দুয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা উদ্ধার করেছে। রাতেই তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ তথ্যে গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জীবন চন্দ্র রায় জানান, ভারতে ১০ জন উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী এখনও একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।