কুমেকের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাসান

কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এম এম হাসান। তিনি কুমেকের ইউরোলজি বিভাগের প্রধান এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে বিভাগের উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. এম এম হাসানকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
জানা যায়, অধ্যাপক ডা. এম এম হাসান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২৫তম ব্যাচের শিক্ষার্থী। তিনি এমবিবিএস ও এমএস (ইউরোলজি) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার এলাকার আবদুর রাজ্জাকের ছেলে অধ্যাপক ডা. এম এম হাসান চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ড্যাবের সাথেও যুক্ত ছিলেন। তিনি সংগঠনটির কুমিল্লা জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. এম এম হাসান মাসুম এশিয়া পোস্টকে বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করছি। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করব। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম, চিকিৎসা শিক্ষা ও একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করতে দায়িত্বশীলতার সাথে কাজ করে যেতে চাই। এজন্য প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।
অধ্যাপক ডা. এম এম হাসান মাসুম নতুন দায়িত্ব পাওয়ায় কুমিল্লার চিকিৎসক সমাজ, তার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
