এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, দরজা ভেঙে যাত্রী উদ্ধার
-f8bba3-720x405.webp)
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিয়েছে হানিফ পরিবহনের আরেকটি বাস। এতে হানিফ পরিবহনের বাসের ভেতরে কয়েকজন যাত্রী আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাসের দরজা ভেঙে তাদের উদ্ধার করে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার হাসাড়া যাত্রীছাউনির সামনে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে , দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে হানিফ পরিবহনের বাসের দরজা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, সামনে থাকা একটি মোটরসাইকেলকে বাঁচাতে এনা পরিবহনের বাসটি ব্রেক করে। এ সময় পেছন থেকে আসা হানিফ পরিবহনের বাসটি সেটিকে ধাক্কা দেয়। অতিরিক্ত গতির কারণে হানিফ পরিবহনের চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে, হানিফ পরিবহনের বাসটি যাচ্ছিল খুলনার দিকে। ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার তৎপরতায় আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
