logo

এক পিস্তলের খোঁজে বেরিয়ে এলো অস্ত্র তৈরির গোপন কারখানা

এক পিস্তলের খোঁজে বেরিয়ে এলো অস্ত্র তৈরির গোপন কারখানা
গ্রেপ্তারকৃত ৩ জন। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর থানা এলাকায় পুলিশের ধারাবাহিক অভিযানে সন্ধান মিলেছে গোপন অস্ত্র তৈরির কারখানার। সেখান থেকে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত একটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়হানকে আশ্রয় দেওয়া এবং তার ব্যবহৃত অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানা পুলিশের একটি দল উপজেলার সুয়াবিলসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে একটি গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। সেখান থেকে রায়হানের ব্যবহৃত একটি পিস্তল, আরও একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

Advertisement

গ্রেপ্তারকৃতরা হলেন- কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. এমরান হোসেন মাসুদ (২৩), মো. এখতিয়ার ফরহাদ (২০) ও মো. মহরম আলী (২৮)। আটককৃত চারজনই উপজেলার সুয়াবিল ও নাজিরহাট পৌরসভার বাসিন্দা।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী রায়হানকে আশ্রয় দিয়ে আসছিলেন। পাশাপাশি তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিলেন। তবে উদ্ধার হওয়া অস্ত্র তৈরির সরঞ্জাম দিয়ে কারা, কীভাবে এবং কত দিন ধরে অস্ত্র তৈরি করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় ভূজপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, গতকাল রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের জেলা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।