সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা

সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. আইয়ুব আলী ফকির নামে মাদারীপুর সদর উপজেলার এক আওয়ামী লীগ নেতা। রোববার (২ আগস্ট) দুপুরে মাদারীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে আইয়ুব আলী ফকির বলেন, আমি দীর্ঘদিন ধুরাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। তবে দল থেকে ব্যক্তিগতভাবে কোনো সুযোগ-সুবিধা নেইনি; বরং সবসময় সংগঠনের পাশে থেকেছি। বর্তমানে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। ফুসফুসে ক্যানসার আক্রান্ত হওয়ায় ঠিকমতো হাঁটতে-চলতেও পারি না।
শারীরিক অবক্ষয়ের কথা উল্লেখ করে আইয়ুব আলী ফকির আরও বলেন, শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় আমি স্বেচ্ছায় আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করলাম। এ বিষয়ে আমাকে কেউ কোনো প্রকার চাপ প্রয়োগ করেনি। একই সঙ্গে জানিয়ে রাখতে চাই, ভবিষ্যতেও আমি আর কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হব না।
