ডিসেম্বরে নয়, বুকের পাটা থাকলে এখনই আসেন: তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে কড়া বক্তব্য দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ডিসেম্বরে নয়, বুকের পাটা থাকলে এখনই আসেন। ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের কালিবাড়ী মোড়ে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে রথখলা এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
সমাবেশে ইয়াসের খান চৌধুরী অভিযোগ করেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তি বাংলাদেশে গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র মোকাবিলা করবে এবং কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেবে না।
সম্প্রতি দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, বাসে আগুন দিয়ে বা ভয়ভীতি সৃষ্টি করে জনগণকে দমিয়ে রাখা যাবে না। তিনি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন।
বিচারের প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। যারা অপরাধ করেছে, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বক্তব্য দেন। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
