logo

বিএনপির পাল্টাপাল্টি সভা, সংসদ সদস্যের গাড়িবহরে হামলা

বিএনপির পাল্টাপাল্টি সভা, সংসদ সদস্যের গাড়িবহরে হামলা
দেবিদ্বারে পাল্টাপাল্টি আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি এবং বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। এশিয়া পোস্ট কোলাজ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে পাল্টাপাল্টি আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি এবং দল থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অনুসারীরা। দুই সভায় নেতাকর্মীদের উপস্থিতিতে দেখা গেছে ভিন্ন চিত্র। উপজেলা বিএনপির সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকলেও মুন্সীর সভায় তৃণমূলের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল বেশি।

এদিকে আলোচনা সভা শেষে ফেরার পথে দেবিদ্বারের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানের গাড়ির সামনের গ্লাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনার সময় দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার রেয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠ ও রহমানিয়া সুপার মার্কেটের সামনে পৃথকভাবে এসব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দেবিদ্বারের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

তবে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের উপস্থিতি থাকলেও এ সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ তুলনামূলক কম ছিল বলে দেখা গেছে।

অন্যদিকে বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ডাকে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মাজেদা আহসান মুন্সী, সদস্যসচিব এএফএম তারেক মুন্সী, সদ্য অব্যাহতি পাওয়া দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদ, সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন ও সদস্যসচিব কাজী মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি এবং অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

আলোচনা সভা শেষে ফেরার পথে গাড়ি ভাঙচুরের অভিযোগের বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব আবুল কালাম আজাদ বলেন, আলোচনা সভা শেষে মিছিল নিয়ে ফেরার পথে মঞ্জু ভাইসহ আমরা সবার পেছনে ছিলাম। সামনে কী হয়েছে, তা বলতে পারি না।

গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান বলেন, অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে পৌর এলাকার চান্দিনা রোডের সামনে আমার গাড়ি লক্ষ্য করে হামলা করা হয়। এতে আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্র থেকে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলের নির্দেশে আমি থানায় মামলা দায়ের করব।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় আমি উপস্থিত থাকলেও উত্তেজিত যুবকদের কোনোভাবে আটকানো যায়নি। কেউ একজন থাপ্পড় দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।