logo

‘হেফাজত আমিরের আরও সহনশীল ভাষা ব্যবহার করা উচিত’

‘হেফাজত আমিরের আরও সহনশীল ভাষা ব্যবহার করা উচিত’
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মাওলানা জালালুদ্দীন আহমদ। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের ভাষা আরও সহনশীল, সংযত ও মার্জনীয় হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি বলেন, তার জন্য এমনভাবে কথা বলা উচিত, যাতে করে আমাদের মধ্যে কোনো বিভ্রান্ত তৈরি না হয়। কেউ কষ্ট পান, এমন কথা তার জন্য বলা উচিত নয়।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে সাতটায় ফোনালাপে এশিয়া পোস্টকে এ কথা বলেন তিনি।

গত শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামে এক ওয়াজ মাহফিলে সরাসরি নাম না নিয়ে মাওলানা মামুনুল হককে ইঙ্গিত করে ‘... বাচ্চা’ বলে মন্তব্য করেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। তার এ বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন কওমি মাদ্রাসা সংশ্লিষ্টরা।

হেফাজত আমিরের এ ধরনের বক্তব্যের বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিক্রিয়া জানতে চাইলে জালালুদ্দীন আহমদ বলেন, আমাদের বিরুদ্ধে অনেকেই কথা বলছেন। কেউ বই লেখেন, কেউ মামুনুল হকের সঙ্গে ওয়াজ করবেন না বলে প্রতিশ্রুতি দেন। আরও নানাবিধ কথা বলেন। তবে আমাদের দলীয় সিদ্ধান্ত, আমরা কারও বিপক্ষে বলব না। সকল অপপ্রচার ও মিথ্যাচারের বিষয়ে আমরা ধৈর্য ধরব। আমাদের বিরুদ্ধে এভাবে অপপ্রচার করা হচ্ছে, তারপরও আমরা বিবৃতি বা মিটিং-মিছিল করছি না।

কাজের মাধ্যমে এসব অপপ্রচারের বিরুদ্ধে জবাব দেবেন বলে জানান তিনি।

হেফাজত আমিরের আরও সহনশীল ভাষা ব্যবহার করা উচিত জানিয়ে বিকেএম মহাসচিব বলেন, হেফাজতের আমির আমাদের সবার মুরুব্বি। এর আগেও তার বক্তব্যে কিছু গালমন্দ ছিল। আমাদের কানে তা এসেছে। গত শুক্রবার কিছু কথাবার্তা বলেছেন। এগুলো তার জন্য মাননসই নয়। তার জন্য এমনভাবে কথা বলা উচিত, যাতে করে আমাদের মধ্যে কোনো বিভ্রান্ত তৈরি না হয়। তার বক্তব্যে আরও সংযত, সহনশীল ও মার্জনীয় ভাষা ব্যবহার করা উচিত।

তার মতে, কওমি আলেমদের আকিদার মতোই বাংলাদেশ খেলাফত মজলিসের আকিদা। আকিদার বিষয়ে কোনো ছাড় নেই দলের। আকিদা নিয়ে কারও সঙ্গে আপস করেন না তারা।

মামুনুল হকের বিরুদ্ধে তারা কেন এমন মন্তব্য করেন জানতে চাইলে মহাসচিব জালালুদ্দীন বলেন, সরকার সবসময় বিরোধীদল ও বিরোধী মতকে দুর্বল করতে চায়। বর্তমানে মামুনুল হক ও তার দল বিরোধী দলের রাজনীতিতে প্রাসঙ্গিক। সরকার দল বা সরকার দলীয় বাহিনীর প্ররোচনায় পড়ে তারা বিরোধী দল ও মতকে দুর্বল করার জন্য অপপ্রচার চালায়।

তার দাবি, অনেকেই সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য মামুনুল হকের বিরোধিতা করেন।

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট