logo
Advertisement

কালো পতাকা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
কালো পতাকা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নেত্রকোনায় কালো পতাকা হাতে নিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। ছবি : সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় কালো পতাকা হাতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে নেত্রকোনা–ময়মনসিংহ সড়কের হিরনপুর বাজার এলাকায় মিছিলটি হয়।

স্থানীয় বাসিন্দা ও ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিবের নেতৃত্বে মিছিলে সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। প্রায় পাঁচ মিনিট মিছিল করার পর তারা মোটরসাইকেল, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকা ছেড়ে যান।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনে কয়েকজন নেতাকর্মী একটি ব্যানার নিয়ে হাঁটছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেনের ছবি রয়েছে। এতে লেখা রয়েছে, ‘২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নারকীয় তাণ্ডবে নিহত সকল শহীদদের স্মরণে সন্ত্রাসবিরোধী কালো পতাকা মিছিল।’ আয়োজক হিসেবে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের নাম উল্লেখ করা হয়েছে।

ভিডিওতে সোলায়মান হোসেনকে মুজিব কোট পরা অবস্থায় মিছিলের সামনে থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। অন্য নেতাকর্মীরা ‘পূর্বধলার মাটি, ছাত্রলীগের ঘাঁটি’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এ ধরনের স্লোগান দেন। তাদের কারও হাতে কালো পতাকা ও কারও হাতে ব্যানার ছিল। মিছিলে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাহিমুল ইসলাম নিশাদ ও নাহিদ ইবনে সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক বাতেন আহমেদ, রনি বেপারী, আবুল বাসার হিমেল ও রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মামুন শেখ এবং দপ্তর সম্পাদক সালমান হাসানসহ কয়েকজন নেতাকর্মীকে দেখা যায়। তাদের মধ্যে একজনের মুখে মাস্ক থাকলেও অধিকাংশের মুখ খোলা ছিল।

স্থানীয় অন্তত চারজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ কয়েকজন যুবক হিরনপুর বাজার এলাকায় জড়ো হয়ে কালো পতাকা হাতে স্লোগান দিতে শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে সড়কের একটি অংশ প্রদক্ষিণ করেন। তবে মিছিল চলাকালে কোনো উচ্ছৃঙ্খল আচরণ বা সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে জানান তারা।

মিছিলের ভিডিওটি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। পরে এটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের বিষয়টি তারা শুনেছেন। ভিডিও দেখে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।