দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী

দেশের প্রতিটি স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার। এ কার্যক্রম কেবল রাস্তাঘাটের ময়লা-আবর্জনা পরিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; যেখানে যত অনিয়ম ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ড রয়েছে, সেগুলোকেও পরিচ্ছন্নতার আওতায় আনা হবে। তবে এক দিনে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয় বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উদ্যোগে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী আমার এ হাসপাতালে আসার কথা নয়, কারণ আমি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছি। তবে আমার বাড়ি কুমিল্লায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের প্রতিটি বড় হাসপাতালে কমিটি গঠন করা হয়েছে। প্রটোকল অনুযায়ী আমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কমিটির সভাপতি করা হয়েছে।
হাসপাতালের নানা অনিয়মের বিষয়ে তিনি বলেন, এখানে আমার বাড়ি হওয়ায় আমি সবাইকে চিনি। এখানে অনিয়ম রয়েছে। সবকিছু একবারে পরিষ্কার হয়ে গেছে এমন দাবি করা সঠিক হবে না। তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে যত ধরনের অপরিচ্ছন্নতা রয়েছে, তার সবই পরিচ্ছন্নতার আওতায় আনা হবে।
মোহাম্মদ আমিন উর রশিদ আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম কেবল ড্রেন পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। দেশের স্বার্থে, জনগণের কল্যাণে এবং হাসপাতাল ও কলেজের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আগামী দিনে আমরা এটিকে একটি সত্যিকারের বিশ্বমানের হাসপাতাল হিসেবে দেখতে চাই’ উল্লেখ করে এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় অন্যান্যের মধ্যে কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাসান, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান এবং কুসিকের নির্বাহী প্রকৌশলী আবু সায়েমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
