অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে তিন গ্যাস ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাউন্নারা, দড়গ্রাম ও সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযান সূত্রে জানা যায়, কাউন্নারা গ্রামের ‘মাছরাঙ্গা এন্টারপ্রাইজ’ এর মালিক খোরশেদের বাড়ির গোডাউনে ১০৯টি ১২ কেজির ও ৫টি ৩৫ কেজির এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। অবৈধভাবে সিলিন্ডার মজুতের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে দড়গ্রাম এলাকার ‘মোকলেছ এন্টারপ্রাইজ’ এর স্বত্বাধিকারী মোকলেছ ২২টি এলপিজি সিলিন্ডার নিজের দোকানে না রেখে পাশের একটি চায়ের দোকানে মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এ অপরাধে একই আইনের ৪০ ও ৪৫ ধারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অপরাধে ‘আব্দুল্লাহ এন্টারপ্রাইজ’ এর মালিক শহিদুল হককে ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সাটুরিয়া উপজেলার তিন ব্যবসায়ী অবৈধভাবে সিলিন্ডার মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এ অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আনসার ব্যাটালিয়নের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
