বাঁশঝাড়ে সাদা কাপড়ে মোড়ানো ছিল গুলিসহ বিদেশি পিস্তল

হবিগঞ্জের চুনারুঘাটে একটি বাঁশঝাড়ের ভেতরে সাদা কাপড় দিয়ে মোড়ানো পরিত্যক্ত একটি প্যাকেট খুলতেই বেরিয়ে আসে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল। গভীর রাতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে এসআরবি’র সদস্যরা। তবে এ ঘটনায় কোনো আটকের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৈরাগী টিলার পাশে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টা দিকে গোপন সংবাদের মাধ্যমে বৈরাগী টিলার পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আশপাশে ব্যাপক তল্লাশি চালায় এসআরবি-৯ এর সদস্যরা। একপর্যায়ে বৈরাগী টিলার পাশে একটি বাঁশঝাড়ের ভেতর সাদা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত একটি প্যাকেটে তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ ৭.৬৫ মডেলের একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তবে উদ্ধার করা অস্ত্র ও গুলির সঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি।
এসআরবি-৯ অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান , উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ -এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
