logo
Advertisement

এমপি আয়নুলের গাড়িতে হামলার প্রধান আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, সিরাজগঞ্জ
এমপি আয়নুলের গাড়িতে হামলার প্রধান আসামি গ্রেপ্তার
তমাল সরকার। ছবি : এশিয়া পোস্ট

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান।

তিনি জানান, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত সোমবার রাত ১টার দিকে উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তমাল সরকার ধানগড়া বাগানবাড়ী এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের জায়গা নির্ধারণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্য আয়নুল হকের ওপর এই হামলা চালানো হয়। হামলায় সংসদ সদস্য অক্ষত থাকলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার দিন রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। এতে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

এর আগে, এই মামলায় রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির এবং হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ জানায়, মামলার চার আসামি বর্তমানে আগাম জামিনে আছেন এবং অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে, হামলার ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্তের জন্য সোমবার (২৪ আগস্ট) জেলা বিএনপির পক্ষ থেকে ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে সদস্যসচিব করে এই কমিটি গঠিত হয়।