Advertisement

শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

এশিয়া পোস্ট নিউজ, মাগুরা
শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
এশিয়া পোস্ট গ্রাফিক্স

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকবর মন্ডল (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

Advertisement

সোমবার (১৮ মে) সকালে গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত আকবর মন্ডল মাশালিয়া গ্রামের আজাহার মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের আব্দুর রশিদের সঙ্গে আকবর মন্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে আকবর মন্ডল গ্রামের মাঠে পাটক্ষেতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে মাঠে ফেলে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন জানান, সকাল ৯টা ২০ মিনিটের দিকে আকবর মন্ডলকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, সামাজিক আধিপত্য বিস্তার কেন্দ্র করে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।