নারায়ণগঞ্জে একের পর এক বিস্ফোরণ, একদিনে দগ্ধ ৯

নারায়ণগঞ্জে ফতুল্লা ও কাঁচপুরে বিস্ফোরণের ঘটনার পর দেওভোগে গ্যাস লিকেজে আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) রাত থেকে রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত নারায়ণগঞ্জের পৃথক তিন এলাকায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মোট ৯ জন দগ্ধ হয়েছেন। তিনটি ঘটনায় দগ্ধ সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দেওভোগ আখরার মোড় জিউস পুকুরপাড় এলাকায় বাড়ির রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-পুরুষসহ তিনজন দগ্ধ হন।
দগ্ধরা হলেন- শিখা রানী, মনা আচার্য ও মনার মা। তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এছাড়া কাঁচপুরে গ্যাসের লিকেজ থেকে আগুনে এক দম্পতিসহ চারজন এবং ফতুল্লায় কেমিক্যাল নিয়ে কাজ করার সময় আগুনে দুইজন দগ্ধ হন।
কাঁচপুরে গ্যাসের লিকেজের ঘটনায় দগ্ধরা হলেন- রোজিনা (৩০), তার স্বামী শরীফ (৩৪), রিয়াজ (২২) ও রনি (১৯)। তারা পরস্পরের আত্মীয়। রিয়াজ রোজিনার ভাই।
এদিকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লায় কেমিক্যাল নিয়ে কাজ করার সময় আগুনে দগ্ধ দুইজন হলেন- আনোয়ার হোসেন (৪০) ও মোহাম্মদ সামসুল (৩০)। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিদর্শক আব্দুল্লাহ আল আরেফিন জানান, পৃথক তিন ঘটনায় ৯ জন দগ্ধ হয়েছেন। এসব ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
