logo

বগুড়ায় বাসচাপায় সাতজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

বগুড়ায় বাসচাপায় সাতজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি
ঘটনাস্থলে দুর্ঘটনার শিকার বাস ঘিরে ভিড়। ছবি: এশিয়া পোস্ট

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত হওয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে এই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের জন্য জরুরি আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাসুদ হোসেনকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন—জেলা পুলিশের একজন প্রতিনিধি এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ দিতে কমিটিকে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, নিহত সাতজনের প্রত্যেক পরিবারকে সরকারি বিধি অনুযায়ী ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরুরি আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে।

এ ছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করতে স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।