যুবদল নেতাকে পিটিয়ে পদ হারালেন স্বেচ্ছাসেবক দল নেতা

জমি–সংক্রান্ত বিরোধের জেরে যুবদলের এক নেতাকে মরধর করে পদ হারিয়েছেন বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম বাপ্পী। ভুক্তভোগী আইনুল শেখ বগুড়া মহানগর যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি।
বৃহস্পতিবার (১৮ জুন) জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহ আলম বাপ্পীকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর আগে বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকায় গত বুধবার এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিশিন্দারা উত্তরপাড়া এলাকার বাসিন্দা নুরুন্নাহার বেগমের সঙ্গে একই এলাকার জায়েদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণকাজ শুরু হলে নুরুন্নাহার বেগম বগুড়া সিটি করপোরেশনে অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৯ জুন সিটি করপোরেশন নির্মাণকাজ বন্ধ রাখতে নোটিশ দেয় এবং আগামী ২৪ জুন উভয় পক্ষকে শুনানির জন্য ডাকে।
অভিযোগ রয়েছে, সিটি করপোরেশনের নির্দেশনা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছিল। বুধবার বিকেলে অভিযোগকারী নুরুন্নাহার বেগমের ছেলে আইনুল শেখ সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে যান। এ সময় জায়েদের ছেলে ও বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম বাপ্পী ওরফে ককটেল বাপ্পী তার সহযোগীদের নিয়ে আইনুল শেখের ওপর হামলা করেন। একপর্যায়ে তাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আইনুল শেখ বলেন, সিটি করপোরেশন থেকে নোটিশ দেওয়ার পর গত শুক্রবার শাহ আলম বাপ্পী আমার মা নুরুন্নাহার বেগমকে মারধর করেন। এ ঘটনায় ১২ জুন সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বুধবার সিটি করপোরেশনের লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে আমার ওপর হামলা করা হয়।
তবে মারধরের অভিযোগ স্বীকার করে শাহ আলম বাপ্পী বলেন, আমি আমার জমিতে বাড়ি নির্মাণ করছি। সেখানে আইনুল শেখ বাধা দিতে আসেন। এ কারণে তাকে মারধর করেছি। আগামী ২৪ জুন সিটি করপোরেশনে শুনানি হবে। তার আগে কাজ বন্ধ করব কেন?
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, নিশিন্দারা উত্তরপাড়ায় মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাটি শেষ হয়ে যায়।
.png)


