উখিয়ায় এক সপ্তাহ ধরে চার শিশু-কিশোরের খোঁজ পাচ্ছে না পরিবার

কক্সবাজারের উখিয়া উপজেলায় এক সপ্তাহ ধরে চার শিশু-কিশোর নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। সবশেষ পাঁচ দিন আগে ১৯ জুন নুসাইবা নামে তিন বছর বয়সি এক শিশু নিখোঁজ হয় জানিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
নুসাইবার পারিবারিক সূত্রে জানা যায়, উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়াপালং গ্রামের মাঝেরপাড়া এলাকার বাসিন্দা শাহজাহানের কন্যা সে। শিশুটিকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা তাদের কাছে মুক্তিপণ দাবি করেছে।
স্থানীয়রা জানান, শিশু নুসাইবাকে ঘিরে উদ্বেগের মধ্যে উখিয়ায় আরও তিন শিশু ও কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছে। এর মধ্যে হলদিয়াপালং ইউনিয়নের ঘাটিপাড়া এলাকার ১৫ বছর বয়সি হৃদয় হাসান, রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া জাফর পল্লানপাড়া এলাকার ১৬ বছর বয়সি মাসুদ মোহাম্মদ আরবিত এবং রাজাপালং ইউনিয়নের রেদোয়ান নামের এক শিশু গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন।
রাজাপালংয়ের ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে উখিয়ার বিভিন্ন এলাকায় শিশু ও কিশোরদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বেড়েছে। সময়মতো নিখোঁজদের উদ্ধার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, এক সপ্তাহের মধ্যে একাধিক শিশু ও কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত সময়ের মধ্যে তাদের উদ্ধারে বিশেষ অভিযান চালানো এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, নিখোঁজ শিশু ও কিশোরদের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তিগত সহায়তা এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাদের উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ কিংবা জিডি করা হয়েছে কি না খোঁজ নিয়ে দেখত হবে।






