Advertisement

প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ
অপহৃত শিশু মো. জায়হান ও জব্দ করা চিঠি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের এক দিন পর মো. জায়হান নামে পাঁচ বছর বয়সি এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

Advertisement

বুধবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় ওই শিশুর প্রতিবেশীর ঘরের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জায়হান ওই এলাকার গ্যারেজ মালিক মো. শাহজাহানের ছেলে। এর আগে গত মঙ্গলবার (১৬ জুন) দুপুরের পর থেকে সে নিখোঁজ ছিল।

পুলিশ জানায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের কাছে একটি মুক্তিপণের চিঠি পাঠানো হয়েছিল। তদন্তের একপর্যায়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ প্রতিবেশীকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—মো. সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আটক ব্যক্তিদের মধ্যে এক কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতেই দিবাগত রাতে শিশুটির লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জায়হানের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও বলেন, অপরাধীদের পাঠানো মুক্তিপণের চিঠিটি ইতোমধ্যে জব্দ করেছে পুলিশ। ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটন ও কারা জড়িত তা খতিয়ে দেখতে অধিকতর তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।