logo

দিনে আইসিইউতে ভর্তি নিয়ে উত্তেজনা, রাতে বিএনপি নেতার মৃত্যু

দিনে আইসিইউতে ভর্তি নিয়ে উত্তেজনা, রাতে বিএনপি নেতার মৃত্যু
মারা যাওয়া বিএনপি নেতা আবুল কালাম ও রকিবুল হাসান রিপন। ছবি: এশিয়া পোস্ট

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে রোগী ভর্তি করানোকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে বাগবিতণ্ডা ও লাঞ্ছিত করার অভিযোগের ঘটনার ১২ ঘণ্টা পর মারা গেছেন সেই ক্যানসার আক্রান্ত রোগী আবুল কালাম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আবুল কালাম মেহেরপুরের রায়পুর গ্রামের বাসিন্দা এবং আমদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

Advertisement

পরিবার সূত্রে জানা গেছে, আবুল কালাম ক্যানসারে আক্রান্ত ছিলেন। ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে মেহেরপুরে নিয়ে আসা হয়। বুধবার রাতে স্বজনরা তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরে বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় আইসিইউতে কোনো সিট খালি না থাকার পরও তাকে আইসিইউতে ভর্তি করানোর সুপারিশ নিয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে, রোগীকে আইসিইউতে ভর্তি করানো নিয়ে চিকিৎসকের সঙ্গে বিরোধে জড়ানোর অভিযোগ ওঠে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের ছোট ভাই রকিবুল হাসান রিপন হাসানের বিরুদ্ধে। ওই সময় চিকিৎসক ও রিপন একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তব্য দেন।

রিপনের দাবি, চিকিৎসক মাহবুবুর রহমানের আচরণ সব সময় খারাপ এবং তার বিরুদ্ধে রোগী ও স্বজনদের অভিযোগ রয়েছে। তিনি বলেন, পরিচিত এক ক্যানসার রোগীকে আইসিইউতে ভর্তি করানোর অনুরোধ জানালে চিকিৎসক তাকে ‘আপনি এত কচলাচ্ছেন কেন’ বলে মন্তব্য করেন।

চিকিৎসকের এমন ভাষা অনাকাঙ্ক্ষিত দাবি করে রিপন আরও বলেন, নিজের ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক পরিচয় দেওয়ার পরও তাকে এমন আচরণের শিকার হতে হয়েছে।

অন্যদিকে, চিকিৎসক ডা. মাহবুবুর রহমানের বলেন, আইসিইউতে কোনো শয্যা খালি না থাকায় রোগীকে ভর্তি করা সম্ভব ছিল না। রোগী ভর্তির বিষয়ে বারবার অনুরোধ করায় আমি কিছুটা বিরক্ত হয়ে ‘যেটা সম্ভব নয়, সেই বিষয়ে এত কচলা-কচলি করছেন কেন’ বলে মন্তব্য করি। এরপর রিপন রাজনৈতিক পরিচয় দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং অন্য কোনো চিকিৎসক হলে এতক্ষণে মেরে সোজা করে ফেলতেন বলে হুমকি দেন।

চিকিৎসকের অভিযোগ, তিনি এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে বললে রিপন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার উদ্দেশ্যে তেড়ে আসেন।

এদিকে আবুল কালামের মৃত্যুর পর এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

রকিবুল হাসান রিপন এশিয়া পোস্টকে বলেছেন, শুক্রবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালের প্রধান ফটকে চিকিৎসক মাহবুবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন। তবে রোগীর মৃত্যুর সঙ্গে বৃহস্পতিবারের আইসিইউতে ভর্তি করানোর বিরোধের কোনো চিকিৎসাগত সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।