Advertisement

দুই কর্মকর্তা-কর্মচারীকে মারধর, কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
দুই কর্মকর্তা-কর্মচারীকে মারধর, কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার
কুড়িগ্রাম পৌরসভার সিইও পদ থেকে প্রত্যাহার হওয়া মো. ফজলে রাব্বী। ছবি: সংগৃহীত

দুই কর্মকর্তা-কর্মচারীকে মারধরের অভিযোগ ওঠার পর কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হয়েছে।

Advertisement

রোববার (১৬ আগস্ট) তাকে প্রত্যাহার করে স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ফজলে রাব্বীকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করার কথা জানানো হয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা পরিষদের ডাকবাংলোয় নিজের আবাসিক কক্ষে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক রশিদ এবং পরিচ্ছন্নতা শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী আনারুল ইসলামকে মারধর করার অভিযোগ ওঠে ফজলে রাব্বীর বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী দুই কর্মকর্তা-কর্মচারী বিষয়টি সংশ্লিষ্টদের জানান।

প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে কর্মবিরতিতে যান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। অভিযুক্ত ফজলে রাব্বীকে সিইও পদ থেকে অপসারণ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন তারা। ফলে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।

ঘটনার পর কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ অভিযুক্ত ফজলে রাব্বীর বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই দিন তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠান।

কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা জানান, জেলা প্রশাসকের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে দুই দিনের মধ্যেই ফজলে রাব্বীকে প্রত্যাহারের আদেশ দেয় স্থানীয় সরকার বিভাগ। তাকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।